বাইডেন শপথ নেওয়ার আগে যা যা ঘটবে

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০০:১০

জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে, তিনি এখনই তার আসবাবপত্র  হোয়াইট হাউজে স্থানান্তর করতে পারবেন। এর আগে কিছু কাজ করতে হবে। এই প্রক্রিয়া সাধারণত নির্ঝঞ্ঝাট হয়, তবে এবার কিছু জটিলতা থাকতে পারে। যেহেতু এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হতে পারে। খবর বিবিসির

প্রেসিডেন্সিয়াল ট্রান্সিশন বা উত্তরণের সময়টা কী

জো বাইডেন এখন প্রেসিডেন্ট ইলেক্ট বা নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে পরিচিত হবেন। মার্কিন সংবিধানে লেখা আছে, প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু ২০ জানুয়ারি দুপুর ১২টায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করান। চূড়ান্ত ফল ঘোষণা এবং শপথের আগের মাঝের সময়টি ‘ট্রান্সিশন’ বলা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট একটি ‘ট্রান্সিশন টিম’ গঠন করেন, যার কাজ হলো ক্ষমতা গ্রহণ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা। বাইডেন টিম এরই মধ্যে একটি ট্রান্সিশন ওয়েবসাইট চালু করেছে। তারা মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য চিহ্নিত করবেন, নতুন সরকারের নীতি কী হবে, কোন বিষয়ে তারা অগ্রাধিকার দেবে, সেগুলো আলোচনা করবেন এবং দেশ চালানোর জন্য প্রস্তুতি নেবেন। এই টিমের সদস্যরা বিভিন্ন ফেডারেল দপ্তরে গিয়ে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত শুনবেন।

কমলা হ্যারিস কী করবেন?

আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজের দপ্তরের জন্য কর্মচারী নিয়োগ করবেন এবং পূর্ববর্তী প্রশাসনের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে জানবেন। ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ওয়েস্ট উয়িংয়ে অফিস করেন, কিন্তু তিনি সেখানে বাস করেন না। ঐতিহ্য অনুযায়ী তারা ইউএস নেভাল অবজারভেটরি প্রাঙ্গণে বাস করেন যেটা শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত।