এসডিজি বাস্তবায়নে তরুণদের প্লাটফর্ম ‘ওয়াইপিএসডি’

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:০৯

 

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ কাজ করে যাচ্ছে বিশ্ব বিনির্মাণে। তারা স্বপ্ন দেখে এক অন্য রকম বিশ্বের। তাদের এই স্বপ্নের সম্মেলনে তৈরি করা সম্ভব উন্নত এক ধরণীর। আর এ কারণেই স্বপ্নবাজ এই তরুণদের একত্রিত করে এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারুণ্যের প্লাটফর্ম ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইপিএসডি)।

এসডিজি বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেই ওয়াইপিএসডি  ২০১৬ সালে পথচলা শুরু করে। যেখান থেকে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করতে হাতে হাত ধরে সবাই কাজ করবে। একদল উদ্যোগী স্বেচ্ছাসেবী নিয়ে ওয়াইপিএসডি গঠন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী সাইদুল ইসলাম। পৃথিবীর মোট জনসংখ্যার সবচেয়ে বড় অংশ তরুণ, আর এ অংশকে বাদ দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়, এ চিন্তা থেকেই তিনি এ সংগঠন গড়ে তুলেছেন। বাংলাদেশে শুরু হলেও বর্তমানে এই প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি যুক্ত পৃথিবীর প্রায় ২০ হাজারেরও বেশি তরুণ এবং ৩০টিরও বেশি যুব সংগঠন। সংগঠনটি সারাদেশের ২০টি বিশ্ববিদ্যালয় ও ৪০টি জেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের বাইরে ২০টি দেশে ওয়াইপিএসডির কার্যক্রম চালু রয়েছে।

ক্ষুদ্রপরিসরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক পোস্টের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও বর্তমানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও নিয়মিত কর্মশালাসহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে চলছে তরুণদের এসডিজি বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্তকরণ কার্যক্রম।

সংগঠনটির সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘আমি এ প্লাটফর্মের তরুণদের চোখে মুখে দেখেছি নতুন কিছু করার স্বপ্ন, নতুন পৃথিবী এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার।’