জান্নাতুল নিশাত
পাখি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ মোট তিনজনকে দেওয়া হয়েছে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন ফিচার লেখক আদীব আরিফ, রাহুল এম ইউসুফ ও মো. আব্দুল্লাহ আল ওয়াহিদ। গত ১১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘পাখি মেলা-২০১৯’ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে পাখি মেলার সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ বার্ডস ক্লাব, আইইউসিএন, বাংলাদেশ বন অধিদপ্তর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাখি তথা জীববৈচিত্র্যবিষয়ক প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় ২০১৮ সালে প্রকাশিত সংবাদের পর্যালোচনা করে তিন ক্যাটাগরিতে তিনজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‘প্রিন্ট মিডিয়া’ ক্যাটাগরিতে বিজয়ী আদীব আরিফের ‘দুর্লভ ছয় প্রজাতির পাখি’ শিরোনামে কালের কণ্ঠে ২৮ মার্চ, ২০১৮ তারিখে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। আদীব বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত ফিচার লেখক। অনলাইন ক্যাটাগরিতে সেরা হন রাহুল এম ইউসুফ। তিনি যুগান্তর অনলাইনে ২১ ডিসেম্বর, ২০১৮ সালে ‘নিরাপদ নেই পাখির পরিবেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন। অতিথি পাখির নিরাপদ বাস স্থান নিয়ে তিনি এই বিশেষ প্রতিবেদন করেছিলেন। রাহুল বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের স্নাতক সম্মানের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের যুগান্তরের প্রতিনিধি। ইলেকট্রনিক ক্যাটাগরিতে বিজয়ী হন মাইটিভির রিপোর্টার মো. আব্দুল্লাহ আল ওয়াহিদ। দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা, অডিও-ভিডিওর মাধ্যমে পাখি চেনা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
