আমাদের চারপাশ বৈচিত্র্যময়। হাজারো অদ্ভুত প্রাণী এবং পতঙ্গ আমাদের চারপাশে প্রতিদিন ঘোরাফেরা করতে দেখি। এমনই এক অদ্ভুত এবং বিস্ময়কর পতঙ্গ হলো জোনাকি পোকা। এর আলো দেখে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। জোনাকি পোকাকে ‘লাইটিং বাগ’ বা ‘ফায়ার ফ্লাই’ বলা হলেও আসলে এটি বাগ বা ফ্লাই প্রজাতির কোনো পোকা নয়। শরীরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তাদের শক্তির শত ভাগই আলোয় পরিণত করতে পারে। এজন্যই জোনাকি পোকার আলোতে কোনো তাপ উত্পন্ন হয় না এবং এদের আলো এতটা স্নিগ্ধ হয়। জোনাকি পোকার তলপেটের শেষ দিকে Luminescent Organ থাকে, যার মধ্যে রয়েছে দুটি রাসায়নিক পদার্থ—একটি লুসিফেরাজ এবং অন্যটি লুসিফেরিন। এই লুসিফেরাজ এনজাইম আলো ছড়ানোর কাজে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জোনাকি পোকাদের এই আলো জ্বালানোর কারণ হলো তাদের বিপরীত লিঙ্গকে আকর্ষণ করা। ওদের প্রিয় খাবার হলো এসকারগোট নামের এক ধরনের শামুক। গবেষকদের মতে, অতি মাত্রায় আলোকদূষণের কারণে বর্তমানে অনেক প্রজাতির জোনাকি পোকা বিলুপ্ত হতে চলেছে।
