এই সময়ের ছড়া
খালেদ হোসাইন
মানুষের হূিপণ্ডে আছে অলিগলি
কিছুই যায় না দেখা, তবু মেনে চলি
ডাক্তারের দেয়া কিছু নিয়ম-কানুন
যেহেতু মেনেছি আমি, আপনি মানুন।
মানতেই হবে—নেই বাধ্যবাধকতা
পৃথিবীতে কেবা কবে শোনে কার কথা!
এখন খাবার খাই তেল নুন বাদ
এতেই তো মরে যায় বাঁচবার সাধ।
জীবনের সব স্বাদ মুছে গেলে পর—
তাকে কি জীবন বলে? নিছক ফাঁপর।
শাকসবজি নিষেধের দীর্ঘ তালিকায়
চোখ বুলালেই বলে, গোরু খালি খায়।
হয়তোবা খেতে পারে ভেড়া ও ছাগল
শুনলেই চোখ বেয়ে নেমে আসে জল।
এইসব গোরু ভেড়া এবং ছাগল
আমার জন্য মোটে খোলে না আগল।
জিভে জল আসে যদি গিলে ফেলি ঢোঁক
আমার থাকতে নেই ওসবের ঝোঁক।
খাওয়াই তো সব নয় হাওয়াই তো সব
নিশ্বাস-প্রশ্বাস খুবই বাস্তব।
তবুও তো বেঁচে থাকি খুব পাশাপাশি
এখনো তো মানুষকে কত ভালোবাসি!
মানুষও তো ভালোবাসে, যতটুকু পারে
এই ভালোবাসা চাই আমি বারেবারে।
হূিপণ্ড দিয়ে শুরু হূদয়েতে শেষ—
জীবন ফুরোয় যদি, ফুরোবে না রেশ।
