খুলনায় ওবায়দুর রহমান রুবেল হত্যা মামলায় আসামি বাচ্চু শেখকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক রয়েছেন।
মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু শেখকে নেশা করার দায়ে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চুরির অপরাধের একটি ধারায় আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আসামি মোজাম্মেল হোসেন মিলনকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং আসামি আবুল কালাম আজাদ ওরফে কালামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৩ অক্টোবর আসামিরা ডুমুরিয়া উপজেলা সদরের বাড়ি থেকে রুবেলকে ডেকে নিয়ে যায়। পরদিন উপজেলার শোভনা এলাকা থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত রুবেলের পিতা শেখ লুৎফর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর তাইজুল ইসলাম ২০১৩ সালের ১৭ নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রেজাউল হোসেন।
ইত্তেফাক/এমআর
