লাকসামে অপহূত কিশোর উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:২০

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসামে ওরসে যাওয়ার পথে রাব্বী প্রধান (১৬) ও মাসুদ হোসেন (১৪) নামে দুই কিশোরকে অপহরণের অভিযোগে সোমবার জুয়েল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণের তিন দিন পর রোববার রাতে অপহূত কিশোরকে শহরের বড়তুপা মাছের ঘের থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার অপহূত কিশোরের মামা বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করেন। উদ্ধারকৃত রাব্বী চাঁদপুরের কচুয়া উপজেলার আয়মা গ্রামের প্রবাসী আইয়ুব আলী প্রধানের ছেলে ও মাসুদ হোসেন একই জেলার মতলব উত্তর উপজেলার দৌলতপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। অপহরণকারী জুয়েলের বাড়ি কুমিল্লা কোতোয়ালি থানার খেতসার এলাকায়। অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসা কিশোর মাসুদ হোসেনকে সোমবার সঙ্গে নিয়ে পুলিশ জুয়েলকে গ্রেফতার করে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান,  মাসুদ হোসেন ও রাব্বি প্রধানের জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং অপহরণকারী জুয়েলকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।