নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরআরএফ কৈশোর কর্মসূচির আয়োজনে সোমবার দুপুরে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ৫০ জন কিশোরীর টি-শার্ট, মাস্ক ও মাথার ফিতায় নারী এবং শিশু নির্যাতনবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান লেখা ছিল।
কর্মজীবী মায়েদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের জন্য হেল্থ ক্যাম্পের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এ সময় হেল্থ ক্যাম্পের মাধ্যমে ৪২৫ জন কর্মজীবী মহিলাকে বিনা মুল্যে চিকিত্সা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এতিম শিক্ষার্থীরা পেল বাইসাইকেল
নেত্রকোনা প্রতিনিধি দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য নেত্রকোনা সরকারি শিশু সদনের (এতিম খানা) সাত জন এতিম শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সমাজকল্যাণ অধিদপ্তর থেকে পাঠানো এসব সাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিভাগের উপপরিচালক মো. আলালউদ্দিন, শিশু সদনের সুপার তারেক হোসেন প্রমুখ।
নিয়ামতপুরে ইজিপিপির কর্মসূচির উদ্বোধন
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থবছরের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ের ৪০ দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার সকালে উপজেলার বেলগাপুর হাটে মাটি ভরাটের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ।
দুর্যোগ সহনশীল নগর গঠনবিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর সিটি করপোরেশনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার শিশুকেন্দ্রিক দুর্যোগ সহনশীল নগর গঠনবিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশনের সচিব মো. রাশেদুল হক।
মা ও শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সভা
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে মা ও শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. গোলাম রাব্বানী।
আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা দৌলতপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন প্রমুখ।
