পাঁচ বদলি চান ক্লপ-গার্দিওলা

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

করোনাসৃষ্ট বিরতির পর ফুটবল মাঠে ফিরেছে সেই জুন-জুলাইতে। এর পর থেকে যেন খেলোয়াড়দের দম ফেলার ফুরসত নেই! এমন ঠাসবুনোটের সূচি সত্ত্বেও নতুন মৌসুমে পাঁচ বদলির নিয়ম রাখেনি প্রিমিয়ার লিগ। লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা সে নিয়মটাকেই ফেরত চান বলে জানিয়েছেন।

রবিবার রাতে সিটির মাঠ ইতিহাদে শুরুতে মোহামেদ সালাহর পেনাল্টি থেকে লিভারপুল এগিয়ে যায়। সিটি অবশ্য ৩১ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের গোলে সমতা ফেরায়। বিরতির ঠিক আগে কেভিন ডি ব্রুইনার পেনাল্টি এলিসন বেকার ঠেকিয়ে না দিলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা। তা না হওয়ায় ড্রই হয় ম্যাচের ফলাফল।

তবে লিভারপুল কোচ ক্লপ ড্রয়ের চেয়েও বড় করে দেখছেন ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের চোটকে। ম্যাচশেষে প্রতিপক্ষ কোচ গার্দিওলার কাছে পাঁচ বদলির নিয়ম না থাকা নিয়ে কিছুটা আক্ষেপও করেছেন তিনি, জানান সিটির স্প্যানিশ কোচ।

ম্যাচশেষে বিবিসিকে গার্দিওলা বলেন, ‘আমরা পাঁচ বদলির নিয়ম নিয়ে কথা বলেছি। আজ এক ইংলিশ রাইটব্যাক চোট পেল, এমন অনেকেরই হচ্ছে এখানে। পুরো বিশ্বে পাঁচ বদলির নিয়ম চলছে, এখানে পুরো উলটো। এ নিয়ে আমরা অনেক বারই কথা বলেছি। আমরা খেলোয়াড়দেরকে রক্ষা করার চেষ্টাই করছি না, এখানেই সমস্যা বাধছে।’