ফিটনেসে খুশি ট্রেনার

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:২৫

স্পোর্টস রিপোর্টার

গতকাল ছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ফিটনেস পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনে জাতীয় দলের বাইরে থাকা প্রায় সব ক্রিকেটারই বিপ টেস্টে উতরে গেছেন। শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুলের মতো তারকারাও পার করেছেন বেঞ্চ মার্ক ১১। এই টেস্টের ফলাফল দেখে খুশি জাতীয় দলের ট্রেনার নিক লি।

লি বলছিলেন, ‘জাতীয় দল এবং এইচপি দলের খেলোয়াড়দের মানসিকতা এবং ফিটনেস দেখে আমি খুবই সন্তুষ্ট। করোনা ভাইরাসের কারণে যখন লকডাউন শুরু হয় তখন আমরা চেষ্টা করেছি খুঁজে বের করার কার কাছে কী ধরনের সরঞ্জাম ছিল, কে কী রকম সুযোগ-সুবিধা পাচ্ছে ফিটনেস নিয়ে কাজ করার। বিসিবি খেলোয়াড়দের কাছে সরঞ্জাম পাঠিয়েছে ফিটনেস নিয়ে কাজ করার জন্য। নির্বাচকদের দেওয়া তালিকা অনুযায়ী প্লেয়ার পুলের মধ্যে থাকা সব খেলোয়াড়কে আমরা ব্যক্তিগত পরিকল্পনা দিয়েছিলাম যা তারা বাসায় মেনে চলতে পারবে। পাঁচ-ছয় মাস পর ট্রেনিং আয়োজনের সময় আমি খুবই খুশি ছিলাম যেভাবে প্লেয়াররা ফিরে এসেছিল। তারা সবাই লকডাউনে তাদের শারীরিক অনুশীলন চালিয়ে গিয়েছিল।’