চলুন নির্ভেজাল পরিবেশ অভিমুখে

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:৫৭

আমিত্বকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা কারো সুনাম অথবা দুর্নাম করছি। আমার মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে ভিন্নমতের মানুষকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য সবসময় চেষ্টা করছি। এই আমিত্ব শব্দটা কেন জানি না দিনদিন খুব প্রিয় হয়ে উঠছে। কাউকে কোনো বিষয়ে ছাড় দিতে ইচ্ছুক নই। আমি চাই না আমার জায়গা কেউ দখল করুক। অথচ আমি আরেকজনের জায়গা দখল করতে চাই। আরেকজনের সুনাম নষ্ট করতে চাই। আমার এই অহংবোধ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিনিয়ত অনেক টাকা খরচ করছি। অথচ আমার বাসার পাশেই যে লোকটি না খেয়ে আছে তার দিকে খেয়াল নেই। আমার অসুস্থ আত্মীয়টিকে কখনো সেবা দিতে পারিনি। নিজের নাম-যশ প্রচারের জন্য ছুটে চলেছি, অথচ আমার ঘরের মা-বাবার, স্ত্রী-পরিজনের খবর রাখারও সুযোগ হয়ে ওঠেনি। আমি ভুলে যাই আমার অতীত স্মৃতি। নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে  চিন্তা করছি বয়স তো আর থেমে থাকবে না। সুসময়ের বন্ধুরা একসময় আমাকে রেখে চলে যাবে। আমি এতদিন যা করেছি সব তো মিথ্যা আর টাকা দিয়ে কেনা। আমি যখন একা হয়ে যাব তখন হয়তো দেখা যাবে কাছের বন্ধুরা আমার নামে জয়ধ্বনি করার পরিবর্তে সমালোচনায় মেতে উঠবে। আমি যা অর্জন করেছি তার কোনো কিছুর মাঝে প্রিয়জনদের ভালোবাসা ছিল না। আজকে প্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছি—আমার অহংকার যেন প্রবাহিত স্রোতধারায় ধুয়েমুছে পরিষ্কার হয়ে পরিশুদ্ধ মানুষ হয়ে উঠতে পারি। পরিশুদ্ধ মানুষ হয়ে পরিশুদ্ধ পরিবার, সমাজ গঠনের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের ছেলেমেয়েকে নির্ভেজাল একটি পরিবেশ উপহার দিতে পারি।

রূপম চক্রবর্ত্তী

পূর্বনলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম