শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয় কমেছে।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৩৯টি এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে মোট ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৬৭ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। কোম্পানিটির ৮০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৯ লাখ টাকা। ২২ কোটি ৩৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এস এস স্টিল।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, ওয়ালটন, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিবি ফাইন্যান্স, নর্দান ইসলামী ইনসিওরেন্স ও ফরচুন সুজ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
