চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলার অংশ হিসেবে জামালপুরের এ অঞ্চলটিকে খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, জামালপুরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার ফলে মধ্যাঞ্চলের জনগোষ্ঠী দেশের অর্থনীতির চাকার সঙ্গে সম্পৃক্ত হবে এবং সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে নতুন উদাহরণ তৈরি হবে। গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং ম্যাক্স ইনফোটেক লিমিটেড, নোবেল নেভিগেশন অ্যান্ড শিপিং লাইনস ও রিলায়েন্স সলিউশন্সের মধ্যে জমির ইজারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পবন চৌধুরী এসব কথা বলেন। যেখানে ম্যাক্স ইনফোটেক লিমিটেডের সঙ্গে দুই একর, নোবেল নেভিগেশন অ্যান্ড শিপিং লাইনসের সঙ্গে দুই একর এবং রিলায়েন্স সলিউশন্সের সঙ্গে এক একর করে দুই একরের দুইটি জমির ইজারা চুক্তি হয়। বেজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, ম্যাক্স ইনফোটেক লিমিটেডের পক্ষে হেড অফ অপারেশন্স মো. জাকারিয়া খান, নোবেল নেভিগেশন অ্যান্ড শিপিং লাইনসের পক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহমুদুল হাসান এবং রিলায়েন্স সলিউশন্সের পক্ষে মাহফুজুর রহমান লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, জামালপুর অর্থনৈতিক অঞ্চল ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম বাস্তবায়নাধীন সরকারি অর্থনৈতিক অঞ্চল। জোনটি সর্বমোট ৪৩৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত হবে। জোনটির সফল বাস্তবায়নে প্রত্যক্ষভাবে প্রায় ৩২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।—প্রেস বিজ্ঞপ্তি
