প্রবাসীকে গুলি করে পৌনে ৬ লাখ টাকা ছিনতাই
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় র্যাব অভিযান চালিয়ে কোম্পানি নামক আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের প্রধান গোলাম মোস্তফা শাহীন ওরফে মোশারফকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত গোলাম মোস্তফা শাহীন সাভার থানার চাঞ্চল্যকর একটি ডাকাতি মামলার আসামি ও অবৈধ অস্ত্রধারী। রবিবার গভীর রাতে বাউনিয়াবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, তিনি দুই মাস আগে জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় দল গঠন করে ডাকাতি শুরু করেন। তিনি গত ২৮ অক্টোবর সাভারের আমিনবাজারের ভাকুর্তায় ইতালি প্রবাসীকে গুলি করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার মূল পরিকল্পনাকারী। তার দলের সদস্য ১০ থেকে ১২ জন। এদের মধ্যে তিন জনকে গত ৭ নভেম্বর র্যাব গ্রেফতার করে।
গত ২৮ অক্টোবর কেরানীগঞ্জের বাসিন্দা প্রবাসী আমানউল্লাহ সাভারের আমিনবাজারের একটি ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা তুলে স্ত্রীর ভ্যানিটি ব্যাগে রাখেন। পরে একটি ট্যাক্সিক্যাব ভাড়া করে কেরানীগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় ভাকুর্তা লোহার ব্রিজ এলাকায় পৌঁছলে তাদের অনুসরণ করে আসা তিনটি মোটরসাইকেল ও প্রাইভেটকার তাদের গতিরোধ করে।
ডাকাত দল প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি গুলি করে। এতে আমানউল্লাহ বাম পায়ে গুলিবিদ্ধ হন। ব্যাগে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ দিন রাতে সাভার মডেল থানায় আমানউল্লাহর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।
