গণস্বাস্থ্য নিউরোসায়েন্স সেন্টারে সেরিব্রাল পলসির সফল অস্ত্রোপচার

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

প্রসবকালে ও প্রসব-পরবর্তী সময়ে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মস্তিষ্ক সংকুচিত হলে সেরিব্রাল পলসি রোগ হয়। এ রোগ জন্মের পরই ধরা পড়ে। পরিবারের দৃষ্টিতে রোগীর স্বাভাবিক চলাফেরা জ্ঞানবুদ্ধি ব্যাহত হয়, খিঁচুনী হয় এবং মুখ থেকে লালা পড়ে, কথা বলতে পারে না, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়, হাত-পা শক্ত হয়ে থাকে।

দ্রুত অস্ত্রোপচারে এই রোগে আক্রান্ত রোগী সুস্থ হতে  পারে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছাতীয়ারতলা গ্রামের সমুর আলীর ১৩ বছরের পুত্র মো. সুমন তেমনি জন্ম থেকে সেরিব্রাল পলসিতে ভুগছিল। সম্প্রতি রাজধানীর গণস্বাস্থ্যের নিউরোসায়েন্স সেন্টারে ১২ ঘণ্টাব্যাপী সুমনের  মস্তিষ্কে  অস্ত্রোপচার হয়। নিউরো সার্জন ডা. ফরিদুল ইসলাম চৌধুরী ক্রেনিওপ্লাস্টি ও ডুরোপ্লাস্টি করে দিলে দ্বিতীয় দিন থেকে বুদ্ধি ও কর্মদক্ষতা প্রকাশ পেতে থাকে এবং খিঁচুনী বন্ধ হয়  রোগীর। অস্ত্রোপচারে সহায়তা করেন ডা. সাইমুন আরাফাত পান্থ, অধ্যাপক ডা. বদরুল হক, ডা. শাওন ও ডা. সৌরভ। সফল আপারেশনের ছয় দিন পর রোগী এখন স্বাভাবিকভাবে  খাবার খাচ্ছে। তার সার্বিক অবস্থা উন্নতির দিকে।