করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে মারা গেছেন আরো ২৫ জন। এর মধ্যে ১৭ জন পুরুষ আর নারী আট জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, তিন জন করে মোট ছয় জন খুলনা ও সিলেট বিভাগের এবং দুই জন করে মোট চার জন বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। রাজশাহী ও রংপুর বিভাগে কেউ মারা যায়নি।
গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। তাতে দেখা যায়, গত এক দিনে নতুন ১ হাজার ৬৮৩ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ২১ হাজার ৯২১ জন। আরো ২৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৬২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন হয়েছে।
