কিশোরগঞ্জে ৫০০ টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:৩৮

পারিবারিক কলহের জেরে মিনা বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাফিজুল ইসলামের বিরুদ্ধে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিনার বাবা এনামুল হক বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হাফিজুলকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় হাফিজুল তার স্ত্রীর কাছে জমানো টাকা চান। এর মধ্যে ৫০০ টাকা কম হওয়ায় স্ত্রীকে মারধর করে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

এনামুল হক অভিযোগ করেন, হাফিজুল তার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, হাফিজুল ইসলাম মিনা বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।