গাজীপুরে অগ্নিকাণ্ডে বাড়ি, গ্যারেজ, ঝুটের গুদাম পুড়ে গেছে

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০০:৩০

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় সোমবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির ২৮টি কক্ষ, রিকশার গ্যারেজ ও ঝুটের গুদাম পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে মোজাম্মেল হক ও রজব আলীর বসতবাড়ি ও একটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। গাজীপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সোয় ৯টার দিকে আগুন পুরোপুরি নিভানো হয়। ফায়ার সার্ভিসের ধারণা, রিকশার গ্যারেজে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।