কাইয়ুম চৌধুরী শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবার ঘরে বসেই

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০০:৩০

দেশের স্বনামধন্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর তার ষষ্ঠ প্রয়াণবার্ষিকী। এই বিশেষ দিনটিতে কাইয়ুম চৌধুরী স্মৃতি শিশু ও উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত এ প্রতিযোগিতা প্রতিবার চারুকলা অনুষদের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হলেও এবার করোনাকালে অনুষ্ঠিত হবে ঘরে বসে। ঘরে বসে ছবি আঁকবে খুদে শিল্পীরা। সেসব চিত্রকর্ম নিয়ে অংশ নেবে প্রতিযোগিতায়।

কাইয়ুম চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহামারির ঝুঁকি এড়াতে এই বছরের প্রতিযোগিতাটি চারুকলায় অনুষ্ঠিত হবে না। শিশুশিল্পীরা যে কোনো বিষয়ের ওপর নিজ গৃহে থেকেই চিত্রকর্ম অঙ্কন করবে। আগামী ২৫ নভেম্বর সেসব ছবি তারা জমা দেবে ধানমন্ডির গ্যালারি চিত্রকে। যারা আসতে পারবে না তারা ২৫ নভেম্বরের মধ্যে স্মৃতি সংসদের ঠিকানায় (১৫ শেখ সাহেব বাজার, আজিমপুর, লালবাগ) সরাসরি ছবি জমা দেবে। এছাড়া এই ঠিকানায় ডাকযোগেও চিত্রকর্ম জমা দেওয়া যাবে। পাশাপাশি স্মৃতি সংসদের ইমেইলেও চিত্রকর্ম জমা দেওয়া যাবে।

বয়সভিত্তিক পাঁচটি শ্রেণিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। শূন্য থেকে পাঁচ বছর, ছয় থেকে সাত বছর, আট থেকে ১০ বছর, ১১ থেকে ১৩ বছর এবং ১৩ বছরের ঊর্ধ্বে উন্মুক্ত শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন প্রখ্যাত শিল্পী সমরজিত্ রায় চৌধুরী, রফিকুন নবী, আবুল বারক্্ আলভী, শিশির ভট্টাচার্য, আবদুল মান্নান ও মনিরুজ্জামান। বিচারকদের উপস্থিতিতে ৩০ নভেম্বর গ্যালারি চিত্রকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি শ্রেণিতে চার জন করে মোট ২০ জন বিজয়ী শিশুশিল্পীকে স্বর্ণপদক, সনদপত্র ও বই উপহার দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকেও পুরস্কৃত করা হবে। পরবর্তী সময়ে নির্বাচিত চিত্রকর্ম নিয়ে চিত্রকে প্রদর্শনীর আয়োজন করা হবে। শিশুশিল্পীদের পুরস্কৃত করার পাশাপাশি স্মৃতি সংসদের পক্ষ থেকে আজীবন সম্মাননাপ্রাপ্ত একজন বরেণ্য শিল্পীর নাম ঘোষণা করা হবে।