প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি জানান, মার্ক এসপারের স্থলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক ক্রিস্টোফার মিলার। ট্রাম্প বলেন, আমি খুবই আনন্দিত যে সর্বজন শ্রদ্ধেয় ক্রিস্টোফার মিলার সিনেটে সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছেন এবং তিনিই ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন। মার্ক এসপারকে এমন সময় সরিয়ে দেওয়া হলো যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। জো বাইডেন জয় পেলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেটি মানতে অস্বীকৃতি জানিয়েছেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। -রয়টার্স
