সাবেক স্বামীর অ্যাসিডে দগ্ধ নারী

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০০:৫৭

রাজধানীর মিরপুরে এক নারী তার সাবেক স্বামীর ছুড়ে মারা অ্যাসিডে দগ্ধ হয়েছেন। দগ্ধ ঐ নারীর নাম রহিমা বেগম (৪৫)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, তার শরীরের মুখমণ্ডলসহ ১২ শতাংশ দগ্ধ হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে বারডেম হাসপাতালের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

ভিকটিমের ভগ্নিপতি মিরাজ হোসেন বলেন, রহিমা বেগমের প্রথম স্বামী মারা যাওয়ার পর পেশায় গাড়ি চালক আবদুল আলীকে বিয়ে করেন। দুই জনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। তবে স্বামী আলী মাদকাসক্ত হওয়ায় এ বিয়ে সুখকর হয়নি। প্রতিদিনই রহিমা বেগমকে মারধর করত তিনি। এমতাবস্থায় তিন মাস আগে দুই জনের বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার কিছুদিন পরই আবারও সংসার করার জন্য চাপ দিতে থাকেন আলী। সোমবার সকালে টেকনিক্যাল মোড়ে বারডেম হাসপাতাল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে গতিরোধ করে রহিমা বেগমকে মারধর ও অ্যাসিড নিক্ষেপ করেন আলী।