বার কাউন্সিল পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও উচ্চ আদালতের এক বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির গেজেট বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। গতকাল সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রায় স্থগিতের জন্য এই আবেদন করেন রিট আবেদনকারী দুই আইনজীবী। ঐ আবেদনে দুই আইনজীবীকে ১০০ টাকা করে কস্ট (জরিমানা) আরোপের বিষয়টি স্থগিত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি মো. জুম্মান সিদ্দিকী। গত ১৯ সেপ্টেম্বর তাকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি দেয় বার কাউন্সিল। গত বছরের ৩১ অক্টোবর এ সংক্রান্ত গেজেটও প্রকাশিত হয়। ঐ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান।
ঐ আবেদনের শুনানি নিয়ে গত ১৮ ডিসেম্বর বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বার কাউন্সিলের অনুমতি প্রদান সংক্রান্ত গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। একই সঙ্গে ঐ গেজেট কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রবিবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জারিকৃত রুল খারিজ করে গেজেট বৈধ ঘোষণা করেন।
