মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
গতকালের পর
চিঠিপত্র লেখার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, মানপত্র বা সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লিখে বেশি সময় নষ্ট না করে দরখাস্ত বা নিমন্ত্রণপত্র বা ব্যক্তিগতপত্র (এখানে অবশ্য বেশি কথা আসতে পারে তবে সেটা সংক্ষেপেও বলা যায়) লেখা ভালো। এটা কম সময়ে লিখে কিছু সময় বাঁচানো যেতে পারে, যে সময়টুকু তুমি অন্য কোনো প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারো। তবে যেটাই লেখো না কেন সঠিক উত্তর দিলে নম্বরের কোনো হেরফের হবে না। অবশ্য এখানে তুমি বৈদ্যুতিন চিঠি বা খুদে বার্তা লিখতেও পারো। এটা খুব ছোট আইটেম তাই যেন ভেবো না মাত্র এতটুকু লিখলে ১০ এর মধ্যে আর কত নম্বরই বা পাওয়া যাবে !
সবশেষে প্রবন্ধ রচনার কথা বলি। এটা একটা বড় আইটেম। এটা সবার শেষে লেখা ভালো। এর জন্য তোমাকে কমপক্ষে ৫০/৫৫ মিনিট বা এক ঘন্টা সময় হাতে রাখতে হবে। যেহেতু এখানে নম্বর ২০, তাই তুমি এক পৃষ্ঠায় যদি ১৩/১৪ লাইন করে লেখ তাহলে ২০ পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। রচনা লেখার ক্ষেত্রে কোনো বাধা নেই তোমার, এ ক্ষেত্রে তুমি বন্ধনহীন। বলা যায়, ‘আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা।’ কবিতার লাইন, বাংলা বা ইংরেজি উদ্ধৃতি বা অন্য কিছু যা তোমার ইচ্ছা অর্থাত্ যত সুন্দর করা যায় ভালো। তবে সময়ের দিকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে।
সবশেষে হাতের লেখা সম্বন্ধে একটু বলি। বাংলা বিষয়ে বেশি নম্বর পেতে সুন্দর হাতের লেখা যত বেশি সহায়ক হবে, অন্য আর কোনো বিষয়ের ক্ষেত্রে তা হবে না। তাই সুন্দর হাতের লেখার প্রতি মনোযোগী হবে। অবশ্য ভয়ের কিছু নেই। লেখা খুব সুন্দর না হলেও বর্ণ/অক্ষরগুলো স্পষ্ট করে লিখলে চলবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি উপর্যুক্ত পরামর্শগুলো গ্রহণ করো এবং সে মতে পরীক্ষায় উত্তর করো তাহলে আমরা বিশ্বাস বাংলায় এ প্লাস পাবে । তোমাদের জন্য অনেক অনেক আদর, ভালোবাসা, দোয়া এবং শুভ কামনা রইল।
