বিনোদন রিপোর্ট
কণ্ঠশিল্পী সায়েরা রেজার একক সংগীতানুষ্ঠান আয়োজন করলো শো টাইম মিউজিক। করোনা সংকটের পরে নিউ নরমাল বা সেকেন্ড ওয়েভের আগে নিউইয়র্কবাসী অনেকদিন পর খানিক সুরের সন্ধ্যা কাটালেন। একইসঙ্গে এই একক সংগীতানুষ্ঠানটি ছিল মূলত শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সিলভার বাটন প্রাপ্তিকে সেলিব্রেট করার উদ্দেশ্যে। এ প্রসঙ্গে নারী উদ্যোক্তা মুনমুন হাসিনা বলেন, ‘সায়েরা রেজার গান আমার বরাবরই পছন্দের। দীর্ঘদিন পর কিছুটা নিজেদের মতো করে সময় কাটানোর জন্যই এই একক আয়োজনে দারুণ কিছু সময় কাটালাম।’ সায়েরা রেজা বলেন, ‘আমাদের শিল্পী মন তো এই করোনাকালে প্রায় বন্দি ছিল। তার ভেতরে ইউটিউবে ১ লক্ষ সাবস্ক্রাইবের মাইলফলক পাওয়ার বিষয়টাও সেলিব্রেট করিনি। সেই উপলক্ষে সবাই একসঙ্গে হলাম। সবার চাহিদার ভিত্তিতে দুই ধাপে সাজিয়েছিলাম এবারের গানের আয়োজন। অনেকদিন পর দর্শকদের সামনে সরাসরি এমন আয়োজনে থাকতে পেরে ভালো লেগেছে।’ আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘এই সময়ে আমরা সামাজিক দূরত্ব মেনেই একেবারেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠান সাজিয়েছিলাম। সবাই ঘরবন্দি থাকতে থাকতে সকলেই একটু নির্মল আনন্দ পেতে কোনো ফুসরত খুঁজছিল। তাই আয়োজনটি সকলেই খুব দারুণ উপভোগ করেছেন।’
