স্কুলের সামনে ডাস্টবিন

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৪২

ময়মনসিংহ জিলা স্কলের বহু ছাত্র আজ বিশ্বখ্যাত। যাঁদের মধ্যে আছেন শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, একাত্তরের শহিদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ। দুঃখের বিষয় হচ্ছে, এমনই এক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকের সামনেই ময়লার ডাস্টবিন! গৃহস্থালির আবর্জনা থেকে শুরু করে সব রকম ময়লাই ফেলা হচ্ছে এখানে। এতে করে দুর্গন্ধ আশপাশের কয়েক মিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শহরের ঢোকার জন্য স্কুলের কোল ঘেঁষে চলে যাওয়া সড়কটিই একমাত্র ভরসা। যদিও সমস্যা সমাধানে সিটি করপোরেশন একটি ব্যানার লাগিয়েছে। তবু কিছু অসচেতন নাগরিকের কারণে সেটা কোনো মূল্য বহন করছে না। সিটি করপোরেশনের আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে ময়লার স্তূপ ক্রমেই বিরাট ডাস্টবিনে পরিণত হচ্ছে। এ অবস্থায়, সমস্যা সমাধানে এখনই প্রয়োজন কঠোরতা অবলম্বন করা। প্রশাসনের কাছে সুস্পষ্ট নির্দেশনাসহ কঠোর নজরদারির আবেদন জানাচ্ছি।

মো. আফসারুল আলম মামুন

পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়