ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৪৮

চরদুগালী খাল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

এক বছর ধরে নেই উপজেলার গালা ইউনিয়নের দুগালী-হাটবায়ড়া সড়কের পাড়াদুগালী এলাকার চরদুগালী খালের ওপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন দুগালী, পাড়াদুগালী, চরদুগালী, হাটবায়ড়া, গাছবায়ড়া এই পাঁচ গ্রামের মানুষ। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের খালের ওপর দিয়ে ডিঙ্গি নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে। জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে দুুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩১ লাখ ৬১ হাজার ১৪৭ টাকা ব্যয়ে ৪০ ফুট কংক্রিট ব্রিজটি নির্মাণ করা হয়।

দুগালী গ্রামের মহির আলী ও আফজাল হোসেন জানান, এক বছর অতিবাহিত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটির কাজ না করায় ব্রিজটি খালের পানি মধ্যে দাঁড়িয়ে আছে। বর্ষা মৌসুমে খালে পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম ঝুঁকি নিয়ে পানিতে ভিজে সেতুটি পারাপার হচ্ছেন। এতে আমাদের খুবই কষ্ট হয়। তাই অবিলম্বে ব্রিজটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান। 

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ব্রিজটির অ্যাপ্রোচে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, সংযোগ সড়ক নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অচিরেই সড়কটি নির্মাণ করা হবে।