দুই বছরেও শেষ হয়নি পাঁচ কিলোমিটারের সংস্কার কাজ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫০

বড়াইগ্রাম থানা মোড় থেকে ভরট হাট সড়ক

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা       

বড়াইগ্রামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন পাঁচ কিলোমিটার সড়কের সংস্কার কাজ দুই বছরেও শেষ হয়নি। জেলা সদরের সঙ্গে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সংযোগ সড়কের বড়াইগ্রাম থানা মোড় থেকে লক্ষ্মীকোল বাজার হয়ে রয়না ভরট হাট পর্যন্ত এ সড়কের সংস্কার কাজে দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসীসহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। লক্ষ্মীকোল বাজারের ওষুধ ব্যবসায়ী আব্দুর আওয়াল জানান, বালি-পাথরে ঢাকা রাস্তায় গাড়ি চলাচলে প্রচণ্ড ধুলা ওড়ে। এ সময় দোকানে বসে থাকাই অসম্ভব হয়ে পড়ে। পুরাতন হল মোড় এলাকার মোটর মেকানিক সেলিম হোসেন বলেন, এভাবে রাস্তা সংস্কারের নামে বছরের পর বছর ফেলে রাখতে কোনোদিন দেখিনি। প্রতিদিন শত শত গাড়ি চলাচলে ধুলা তো উড়েই, আবার রাস্তায় দ্রুতগামী গাড়ির চাকার চাপে ফেলে রাখা পাথর ছুটে এসে পথচারীদের আঘাত করে। এতে অনেকেই কমবেশি আহত হন।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সভাপতি খাদেমুল ইসলাম জানান, মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারে এত সময় লাগার কোনো কারণ নেই। অবেহলার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

নাটোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জনসাধারণের ভোগান্তির বিষয়টি স্বীকার করে জানান, বর্তমানে রাস্তাটির কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। তারা কাজের মেয়াদ কিছুটা বাড়িয়ে নিয়েছে। তবে আমি দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলেছি।