রাজশাহী মহানগরীতে হচ্ছে আরো পাঁচ রেলক্রসিংয়ে ফ্লাইওভার

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫২

কনসালটিং ফার্ম নিয়োগে দরপত্র আহ্বান রাসিকের

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহানগরীর মেহেরচণ্ডি এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ প্রায় শেষ। নগরীতে আরো পাঁচটি নতুন ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে ট্রেন চলাচল নির্বিঘ্ন করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ফলে রেলক্রসিংয়ের জন্য সড়কে যানবাহন আটকে থাকবে না। এসব নির্মাণকাজের কনসালটিং ফার্ম নিয়োগে দরপত্র আহ্বান করেছে রাসিক।

রাসিক সূত্র জানায়, নগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলক্রসিং, কোর্ট স্টেশন রেলক্রসিং, ভদ্রা রেলক্রসিং, শহিদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর এবং বর্ণালি মোড় রেলক্রসিং থেকে বন্ধগেট নতুন বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে।

এসব ফ্লাইওভারের মধ্যে চারটির দৈর্ঘ্য হবে ৪০০ থেকে ৫০০ মিটার। তবে বন্ধগেট নতুন বিলশিমলা রেলক্রসিং পর্যন্ত ফ্লাইওভারটির দৈর্ঘ্য হবে প্রায় সোয়া কিলোমিটার।

সূত্র মতে, গত ১৮ ফেব্রুয়ারি একনেকের সভায় ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন’ শীর্ষক প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়। ঐ প্রকল্পের মধ্যেই রয়েছে নতুন পাঁচটি ফ্লাইওভার।

রাসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খায়রুল বাশার জানান, পাঁচটি ফ্লাইওভার নির্মাণে কনসালটিং ফার্ম নিয়োগের দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই কনসালটিং ফার্ম নিয়োগ করা হবে। এরপর মাটি পরীক্ষা, ডিজাইন এবং ব্যয় নির্ধারণের পর ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে। আগামী বছরের মধ্যেই নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।