অবিক্রীত মজুত পণ্যে পুঁজির সংকটে এসএমই উদ্যোক্তারা

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

করোনার কারণে পণ্য বিক্রি না হওয়ায় বিপুল পরিমাণ পণ্য মজুত রয়ে গেছে এসএমই  ক্লাস্টারের উদ্যোক্তাদের। ফলে পুঁজিসংকটে পড়ে শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন তারা। গতকাল মঙ্গলবার এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী ক্লাস্টার উদ্যোক্তাদের সঙ্গে অনলাইনে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এ সময় করোনা              শুরুর পর থেকে এ ধরনের উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা তুলে ধরে এই কঠিন সময়ে টিকে থাকতে সরকারের কাছে কার্যকর সহযোগিতা চান তারা। ঐ অনলাইন সভায় ১৮টি এসএমই ক্লাস্টারের উদ্যোক্তারা অংশ নেন। সভায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই ফাউন্ডেশন এসব উদ্যোক্তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। সরকারঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা  প্যাকেজের টাকা ছাড় করার ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দ্রুততার সঙ্গে কাজ করবে   বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করীম মুন্না, উপব্যবস্থাপনা পরিচালক এস এম শাহীন আনোয়ার এবং মহাব্যবস্থাপক ফারজানা খান বক্তব্য রাখেন।