স্পোর্টস রিপোর্টার
নেপাল সিরিজ ক্রমে এগিয়ে এলেও জাতীয় ফুটবল দলের ম্যানেজার নিয়ে এখনো কোনো সমাধানে পৌঁছতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় ফুটবল দলবিষয়ক কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ আভাস দিলেন ম্যানেজার ছাড়াই নেপালের মুখোমুখি হওয়ার।
গতকাল মঙ্গলবার সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাফুফে সহসভাপতি বলেন, ‘এ নিয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। ব্যাপারটা ঝুলে আছে, সম্ভাবনা আছে নেপালের বিপক্ষে ম্যাচ দুটোয় ম্যানেজার না রাখারও। বাফুফে সভাপতি ও বোর্ডের বাকি সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সেক্ষেত্রে সিদ্ধান্তটা পরে আসতে পারে।’
গতকাল মঙ্গলবার কমিটির প্রথম সভায় গতকাল পরিচিতিপর্ব ছাড়াও জাতীয় ফুটবল দলকে নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনাও নির্ধারণ করা হয়। যাতে আলোচনা করা হয় ফিফার ভবিষ্যত্ আন্তর্জাতিক ফুটবলের বিরতিগুলোকে কাজে লাগানোর কথাও।
কাজী নাবিলের ভাষ্য, ‘বাফুফে সভাপতি প্রায়ই বলে থাকেন র্যাঙ্কিংয়ে এগোতে চাইলে খেলায় থাকার বিকল্প নেই। তাই আন্তর্জাতিক ফুটবলের বিরতিগুলোকে কাজে লাগাতে চাই আমরা। আগামী মার্চে সাত দিনের একটা উইন্ডো আছে, এরপর জুন-জুলাইয়ের দিকে ১৫ দিনের উইন্ডো থাকবে। এসময়ে খেলায় থাকার জন্য একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে।’
কাতারের বিপক্ষে ম্যাচটি এখনো নিশ্চিত নয়। এরপরও অবশ্য দরকষাকষি চলছে সুযোগ-সুবিধা নিয়ে। ইতিমধ্যেই দুটো প্রস্তুতিম্যাচ দিতে সম্মত হয়েছে কাতার, জানিয়েছেন বাফুফে সহসভাপতি। কাজী নাবিলের কথায়, ‘প্রথমে একটি ম্যাচ খেলার কথা থাকলেও এখন দুটো ম্যাচ দেওয়ার ব্যাপারে সম্মতি মিলেছে। দুটো হবে কাতার লিগের দল।’
