দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

করোনার ধাক্কাকে সামাল দিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে বাংলাদেশে ফিরেছিল মাঠের ক্রিকেট। মহামারির কারণে সারা বিশ্বে ক্রিকেট খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। বিসিবি প্রেসিডেন্টস কাপেও মিরপুর স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা ছিল। তবে আসন্ বঙ্গবন্ধু টি-২০ কাপে সীমিত আকারে গ্যালারিতে দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি। ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ-নেপাল ফুটবল সিরিজে ৮ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে।

বাফুফের মতোই পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপে দর্শকদের জন্য কিছু টিকিট বিক্রির প্রাথমিক চিন্তা করেছে বিসিবি। তবে সবকিছুই চূড়ান্ত হবে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর।

গতকাল এমন তথ্য দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আসন্ন টুর্নামেন্টে দর্শকদের খেলা দেখার ব্যবস্থা রাখা হবে কি না, প্রশ্নে মিরপুর স্টেডিয়ামে গতকাল এই কর্মকর্তা বলেছেন, ‘এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সে অনুযায়ী  সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে যেটা প্রাক্টিক্যালি পসিবল এবং ঐ সময় যেটা পারমিট করবে সেভাবেই আমরা করব।’

সরকারের অনুমতি পেলে দর্শকদের জন্য টিকিট বিক্রি করবে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি সেটাই বললাম, আমরা সরকারের যে সমস্ত কর্তৃপক্ষ আছেন, তাদের সঙ্গে আলোচনা করে যদি এই ধরনের কোনো গাইডলাইন পাওয়া যায় বা কোনো কিছু থাকে তাহলে এর মধ্যেই আমরা করে নেব।’ ইতিমধ্যে টুর্নামেন্টের পাঁচটি দলের স্পন্সর এবং দলগুলোর নাম চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্ট সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। বিসিবি ও টি-স্পোর্টসের মধ্যে একটি চুক্তি হয়েছে। আগামীকাল রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহেই মাঠে গড়াতে পারে বঙ্গবন্ধু টি-২০ কাপ।