স্পোর্টস রিপোর্টার
বিসিবির পাঠানো সূচি অনুযায়ী আগামীকাল টি-২০ ফরম্যাটে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল হাই পারফরম্যান্স স্কোয়াডের (এইচপি)। কিন্তু হুট করে গতকালই প্রস্তুতি ম্যাচ খেলতে নামে এইচপির ক্রিকেটাররা। ওয়ানডের মতোই গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম। ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। ৬টি চার ও ৫টি ছয়ে সাজানো ছিল তামিমের ইনিংস।
তামিমের হাফ সেঞ্চুরিতেই গতকাল প্রস্তুতি ম্যাচে টিম-বি ১০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টিম-এ কে। আগে ব্যাট করে তৌহিদ হূদয়ের টিম-বি ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের স্কোর গড়ে। ইমন ৩১, আকবর আলী ২০, রিশাদ অপরাজিত ১৭ রান করেন। আফিফ হোসেন ৩টি, শফিকুল ২টি করে উইকেট নেন।
জবাবে ১৭ ওভারে ৯৪ রানে অলআউট হয় আফিফের টিম-এ। নাঈম শেখ ২৮, শাহাদাত ১৮, সুমন খান ১৩ রান করেন। টিম-বির পক্ষে পেসার রেজাউর রহমান রাজা ৩টি, শাহীন আলম, রিশাদ, মুকিদুল ২টি করে উইকেট নেন।
