যুক্তরাষ্ট্রের হাসপাতালে রেকর্ড করোনা রোগী

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২২:০২

টানা ছয় দিন ১ লাখের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে

রয়টার্স

সংক্রমণের নতুন ঢেউয়ে হিমশিম খাওয়া যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগে চিকিত্সাধীনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার দেশটির বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে প্রায় ৫৯ হাজার রোগী চিকিত্সাধীন ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে  আগের পাঁচ দিনের মতো সোমবারও যুক্তরাষ্ট্রে ১ লাখের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

সংবাদমাধ্যমটির হিসাবে, যুক্তরাষ্ট্রে গত ৩০ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বেড়ে এখন ৫৮ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এর আগে কখনোই এতসংখ্যক কোভিড-১৯ রোগী একই সময়ে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন না। সর্বশেষ গত ২২ জুলাই ৫৮ হাজার ৩৭০ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে চিকিত্সা নিয়েছিলেন। আগের পাঁচ দিনের মতো সোমবারও যুক্তরাষ্ট্রে ১ লাখের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বিশ্বে যে পাঁচ কোটি ৯ লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে তার প্রায় ২০ শতাংশই দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাস এরই মধ্যে ২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের প্রাণও কেড়ে নিয়েছে।