গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে বিএনপি প্রধান অন্তরায় :কাদের

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২২:০৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ষড়যন্ত্র আর পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপরাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গণতন্ত্রের পথে ফিরে আসুন। রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসুন। গণতন্ত্রকে নস্যাত্ করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। গতকাল মঙ্গলবার শহিদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন,  আজ গণতন্ত্র মুক্তি পেয়েছে। কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে বিএনপি প্রধান অন্তরায়।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ভাবাদর্শকে ধারণ করে যে রাজনৈতিক দলের জন্ম তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। তাদের কাছে গণতন্ত্র ছিল, হ্যাঁ এবং না ভোটের গণতন্ত্র। ওবায়দুল কাদের বলেন, নূর হোসেন সেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নূর হোসেন নিজের বুকে-পিঠে লিখেছিলেন, ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার। শহিদ নূর হোসেন বাঙালির মনে সংগ্রামের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল। নূর  হোসেনের রক্তে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘গণতন্ত্র মুক্তি পেলেও প্রাতিষ্ঠানিক রূপদান এবারের নূর হোসেন দিবসের অঙ্গীকার।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, শ্রম সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য রিয়াজুল কবির কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।