বিএনপি তাদের অপচেষ্টা অব্যাহত রেখেছে :তথ্যমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২২:০৬

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে যেভাবে অন্ধকারে নিয়েছে গত এক যুগেও তারা একই অপচেষ্টা অব্যাহত রেখেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতি দ্বয়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে শহিদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কীভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল, সেটা সবাই জানে। পরবর্তী সময়ে জনগণ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তখনো তারা অব্যাহতভাবে দেশকে অন্ধকারের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও আইন সম্পাদক আর এম ইউনুস রুবেল এ সময় উপস্থিত ছিলেন।

‘আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করেছে’ শহিদ নূর হোসেন দিবসে বিএনপির এ অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিএনপির এসব গত্ বাঁধা অভিযোগ আমরা গত এক যুগ ধরে শুনে আসছি। বিএনপি যে জনগণকে নিয়ে ভাবে না, তারই বহিঃপ্রকাশ হচ্ছে তাদের সব বক্তৃতা-বিবৃতি, আন্দোলন-সংগ্রাম সবই নির্বাচন কমিশন আর তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক।’

বিএনপির জন্মই হয়েছে অগণতান্ত্রিকভাবে, সেনা ছাউনির মধ্যে, শত শত সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানের লাশের ওপর দাঁড়িয়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন, চার বার একক, এক বার যুগ্ম চ্যাম্পিয়ন হয়। তথ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) গণতন্ত্র ধ্বংস করার জন্য শুধু নির্বাচন বর্জনই নয়, নির্বাচন বানচালের জন্য পেট্রোল বোমা মেরে শত শত মানুষ হত্যা করেছে এবং নির্বাচনি কর্মকর্তাকে বোমা মেরে, পুড়িয়ে হত্যা করেছে। সভ্য দুনিয়ার কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। সে কারণে বিএনপির মুখে এসব কথা শোভা পায় না।

চলচ্চিত্র প্রযোজক এবং হল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, গত মাসের ১৬ তারিখ থেকে সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছে। করোনাসহ নানাবিধ কারণে বিশেষ করে নতুন ছবি মুক্তি পায়নি, সে কারণে সিনেমা হলে আশানুরূপ দর্শক হচ্ছে না। এ পরিস্থিতি উত্তরণে নতুন সিনেমা মুক্তি দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।