দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফাইনালে পরিষ্কারভাবে এগিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই আইপিএলেই দিল্লিকে তিন বার হারিয়েছে মুম্বাই। গতকাল চতুর্থ দেখায়ও জয় পেল রোহিত শর্মার দল। ফাইনালে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের পঞ্চম আইপিএল শিরোপা ঘরে তুলল মুম্বাই। এ নিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল রোহিতের মুম্বাই।
আগে ব্যাট করা দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে ১৫৬ রান করেছিল। জবাবে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ঋষভ পান্ট ও অধিনায়ক শ্রেয়াশ আয়ার। শ্রেয়াশ ৫০ বলে ৬৫ রান করেন। আর পান্ট ৩৮ বলে করেন ৫৬ রান। মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ৩০ রানে নেন ৩ উইকেট।
জবাবে জয়ের ভিতটা অধিনায়ক রোহিত শর্মাই গড়ে দিয়ে যান। তিনি ৫১ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। আর শেষ দিকে ইশান কিশান ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললে জয় নিশ্চিত হয় দিল্লির।
