সাভারে হেলে পড়া ছয় তলা ভবন সিলগালা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০০:২১

সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার ওয়াপদা রোডে অবস্থিত অনুমোদনহীন একটি ছয়তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা ভবনটি সীলগালা করার নির্দেশ দেন।

জানা গেছে, ১৯৯৭ সালে প্রায় আট শতক জমির ওপর ভবনটি নির্মাণ করেন তাজুল ইসলাম। বর্তমানে তার স্ত্রী মজিদা আক্তার শিরীন ও ছেলেমেয়েরা বসবাসের পাশাপাশি ভাড়াও দিচ্ছেন। গতকাল সকালে বাড়িটির নিচতলার বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাটলগুলো বড় হয়। ভবনটি উত্তরপাশের আরেকটি ছয়তলা ভবনের দিকে হেলে পড়ে।

সাভার পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আলম মিয়া বলেন, ভবনের বাসিন্দাদের অন্যত্র নিয়ে গ্যাস-বিদ্যুত্সহ সব প্রকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে মালিকপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

ভবন মালিকের ছেলে শামীম হোসেন বলেন, পূর্বপাশের দেওয়ালের সঙ্গে দুই শতাংশ জমিতে ৯তলা ভবন নির্মাণ করেছেন নুর ইসলাম। তিনি ভবন নির্মাণের কোনো নিয়ম না মেনে আমাদের ভবনের দেওয়াল ব্যবহার করায়, ঐ ভবনের চাপেই এই ভবনটি হেলে পড়েছে।

সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, এরকম অনুমোদহীন ভবনের বিষয়ে অভিযোগ পেলে তাদেরকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, ভবনটি সীলগালা করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর চিঠি দেওয়া হয়েছে।