আইনজীবীর সঙ্গে বেঞ্চের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০০:২৩

মামলার শুনানিকালে আইনজীবীদের সঙ্গে বেঞ্চের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে এ ধরনের অসৌজন্যমূলক আচরণের ফলে বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক যাতে বিনষ্ট না হয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। সমিতির কার্যনির্বাহী কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি রেজুলেশন আকারে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতিকে পাঠানো হয়েছে। ঐ রেজুলেশনে স্বাক্ষর করেন আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্য।

রেজুলেশনে বলা হয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। আইনজীবী ও বিচারকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলেই শুধুমাত্র আদালত সুষ্ঠুভাবে তার মহান দায়িত্ব পালন করতে পারেন। দেশের আইনজীবীরা আইন ও আদালতের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থেকে নিজেদের আইন পেশায় নিয়োজিত করেছেন। আদালতও সহনশীলতার সঙ্গে তার ওপর অর্পিত মহান দায়িত্ব পালন করে থাকেন। অথচ ইদানীং দুই-একটি আদালতে মামলার শুনানি চলাকালে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

রেজুলেশনে আরো বলা হয়, গত ৮ নভেম্বর রিট পিটিশন নম্বর ১৩১৪২/২০১৯-এর শুনানি শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই জন সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে ১০০ টাকা করে জরিমানা এবং আদালত অবমাননার রুল ইস্যু করা হয়েছে। শুনানিকালে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় দেশে আইনের শাসন বজায় রাখার স্বার্থে বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক যাতে বিনষ্ট না হয়, এ ব্যাপারে সমিতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান বিচারপতির প্রতি জোর দাবি জানাচ্ছে।