ফলাফল ঘোষণার আগেই মিয়ানমারে ভোটে জয় দাবি সু চির দলের

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০০:২৫

মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই জয় দাবি করেছে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিয়ানমারের নির্বাচনকে গণতন্ত্রের পথে অগ্রগতি দাবি করলেও এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। খবর সিএনএন ও নিক্কি এশিয়ার

এনএলডি’র মুখপাত্র মিয়ো নিয়ন্ত বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২২টি সংসদীয় আসন তারা পেয়েছেন। তিনি বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাই। জনগণ ও দলের জন্য এটা আশাব্যঞ্জক ফল। তবে নির্বাচন কমিশন গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করেনি।

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষের আসন সংখ্যা ৪২৫টি আর উচ্চকক্ষে ২১৭টি। সরকার গঠন করতে গেলে নিম্নকক্ষে ৩১৫টি আর উচ্চকক্ষে ২১৭টি আসনে জয়ের প্রয়োজন পড়ে। ২০১৫ সালে এনএলডি মোট ৩৯০ আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে। এবারের নির্বাচনে আসন সংখ্যা আরো বাড়বে বলে ধারণার কথা জানান দলটির মুখপাত্র মিও নুয়ন্ত। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ভোট দেওয়ার বা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দিয়ে গত ৮ নভেম্বর ভোট অনুষ্ঠিত হয়। গত কয়েক দশক সামরিক শাসনে থাকা দেশটিতে পাঁচ বছর আগে হওয়া প্রথম নির্বাচনেও রোহিঙ্গাদের ভোট প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছিল।