আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। এই নির্বাচনে দুই আসনেই ভোটগ্রহণ সম্পন্ন হবে ইভিএম পদ্ধতিতে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১, এই দুই আসনের উপ-নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে বুধবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত বন্ধ করা হয়েছে গণ-পরিবহন চলাচল। যদিও নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নেওয়া যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
মঙ্গলবার যানবাহন চলাচলে বিধিনিষেধ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগের মধ্যরাত অর্থ্যাৎ বুধবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিক আপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পাশাপাশি মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
নির্বাচন উপলক্ষে দুই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থাপনা, ভোটকেন্দ্রসহ নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ থাকবে।
ইত্তেফাক/জেডএইচডি
