ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরি। অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ নামের একটি সিনেমায় কাজ করেছেন নায়ক রোশানের বিপরীতে। শীঘ্রই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। গত রোববার ‘সাইকো’ সিনেমার একটি গানের টিজার প্রকাশ পায়। ফেসবুকে পরিচালক মামুন টিজারটি শেয়ার দিয়ে অভিজ্ঞতা জানানোর ফাঁকে স্যুটিং এর প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে নায়িকা পূজা ও রোশানের পরিশ্রমের প্রশংসা করেন।
বিশেষভাবে তিনি পূজাকে নিয়ে লেখেন, ‘মাইনাস ৩ ডিগ্রিতে আমরা শুটিং করেছি। পূজা-রোশান কি কষ্ট করেছে আমি নিজে তার স্বাক্ষী। ছিলো না কোন রুম হিটার, গরম পানির ব্যবস্থা। পূজা তোমার কষ্টে ছলছল করা চোখ দুটা এখনো আমার চোখের সামনে ভাসে।’
অনন্য মামুন আরও লিখেন, ‘পূজা আমার চোখে দেখা ভালো মানুষ। আর ভালো মানুষের জীবনে সাকসেস আসবেই। যেমন আছো তেমনই থেকো সারা জীবন।’
অন্যদিকে, ইমরান ও কনার কন্ঠে ‘তোর জন্য কত মায়ারে’ শিরোনামের গানটির টিজার বেশ নজর কেড়েছে। অনেকদিন পর, কবির বকুলের লেখা এই জুটির নতুন গান শুনতে পাচ্ছেন শ্রোতারা।
ইত্তেফাক/পিএস
