প্রস্তুত হচ্ছেন তাপসী

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৬:০৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। দক্ষিণী সিনেমা জগতে নাম ডাকের পর বলিউডেও সেই ধারা অব্যহত রেখেছেন এই গুণী অভিনেত্রী। করোনা সঙ্কট থেকে মিডিয়া জগত নিউ নরমাল জীবনে পদার্পন করা শুরু করেছে। ধীরে ধীরে স্পটগুলোতে দেখা যাচ্ছে লাইট-ক্যামেরা। এরই সঙ্গে আবারও ব্যস্ততা শুরু যাচ্ছে সকল শিল্পীদের। তাপসীও তার ব্যতিক্রম নন। অভিনেত্রীকে তার পরবর্তী সিনেমা ‘রাশমি রকেট’ এর জন্য জোরসোর  প্রস্তুত নিতে দেখা যাচ্ছে।

এই সিনেমাটিতে রাশমি নামের একজন গুজরাটি দৌড়বিদের চরিত্রে অভিনয় করছেন তাপসী। স্পোর্টস-ড্রামা ঘরানার এই সিনেমায় তার চরিত্রের জন্য ফিটনেস খুবই জরুরি। তাই, দীর্ঘ বিরতির পর আগের ফর্মে ফিরে যেতে এখন বাড়তি পরিশ্রম করতে হচ্ছে তাকে। 

সেসব প্রস্তুতির ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ভক্তদের আপডেট জানাতে মোটেও ভুল করেন না তাপসী। সম্প্রতি, একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে যোগাসন করতে দেখা যায়। ক্যাপশনে লেখেন, ‘তীর ও ধনুক’। আরও জানান, এই প্রস্তুতি তার ‘রাশমি রকেট’ সিনেমার জন্যই।
এর আগে দৌড়ের প্রস্তুতি নিচ্ছেন এমন একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

আকর্ষ খুরানার পরিচালনায় ‘রাশমি রকেট’ সিনেমাতে প্রিয়াংশু পেনুলিকে তাপসীর স্বামীর ভূমিকায় দেখা যাবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবার আশায় রয়েছে।

‘রাশমি রকেট’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘জন মন গণ’ ও ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের এক বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন তাপসী।


ইত্তেফাক/পিএস