ভালোবাসার গল্পে ইরফানের সঙ্গে...

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:৩৫

মা হ মু দু ল  আ মি ন

 

চলচ্চিত্রের নায়িকা তানহা। তবে গল্প ভালো লাগলে মাঝে মাঝে টিভি নাটকেও অভিনয় করেন তিনি। আবার বাংলাদেশের এই সময়ে নাটকের জনপ্রিয় হিরোদের সঙ্গেই অভিনয় করেছেন তানহা। যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন জাহিদ হাসান, সজল, অপূর্ব। তবে ইরফান সাজ্জাদের সঙ্গে এর আগে তার অভিনয় করা হয়ে ওঠেনি। তানহা এবারই প্রথম ইরফান সাজ্জাদের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘আইসিইউ’। নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফীন অমি। করোনার লকডাউনে তানহা কোনো কাজ করেননি। করোনার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ‘আইসিইউ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়েই তিনি আবারও কাজে নিয়মিত হলেন। তানহা জানান, চলতি নভেম্বর এবং আগামী ডিসেম্বর—এই সময়টাতে তিনি বাংলাদেশে এই সময়ের জনপ্রিয় নাট্যনির্মাতাদের পরিচালনায় আরো বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করবেন। এসব নাটকে তার বিপরীতে থাকবে নাট্যাঙ্গনের এই সময়ের জনপ্রিয় অভিনেতারাই। ‘আইসিইউ’ নাটকে অভিনয় প্রসঙ্গে তানহা বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এই নাটকে অভিনয়ের মধ্যদিয়েই আমার কাজে ফেরা। নাটকটির গল্প, রচনা কাজল আরেফীন অমি’র। গল্পটা আমার কাছে সমসাময়িক অন্যান্য নাটকের গল্পের চেয়ে ব্যতিক্রম মনে হয়েছে বলেই কাজটি বেশ আগ্রহ নিয়ে করেছি। তাছাড়া এই নাটকে আমার বিপরীতে ইরফান সাজ্জাদ ছাড়াও মিঠু আপা, মুকিত ভাই, সারিকা সাবাও অভিনয় করেছে। আমরা সবাই গল্পটাকে তুলে ধরার চেষ্টা করেছি। মূলকথা নাটকটির গল্পের প্রতি ভীষণ ভালোলাগা এবং আমার চরিত্রটি ভালোলাগায় নাটকটিতে অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘তানহার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তানহার মধ্যে ভালো অভিনয় করার প্রবল চেষ্টা আছে। আর সহশিল্পী হিসেবে তানহা খুবই সহযোগিতাপরায়ণ। অমি’র নাটকের প্রতি দর্শকের আলাদা একটা ভালোলাগা আছে। আশা করছি আইসিইউ নাটকটি সেই ভালোলাগা আরো বাড়িয়ে দেবে। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ যারা কাজটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য শ্রম দিয়েছেন।’ জানা যায়, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে ও একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে তানহা জানান আগামী বছরের শুরুতে তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এখনো সবকিছু চূড়ান্ত নয় বলে আপাতত সিনেমাটির ব্যাপারে কিছুই জানান দিতে পারছেন না। তানহা সর্বশেষ জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে ‘মিথ্যে প্রেমে’ নাটকে অভিনয় করেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন সোহেল আরমান। এই নাটকে অভিনয়ের জন্যও বেশ সাড়া পাচ্ছেন তানহা। যে কারণে নাটকে কাজ করার প্রতি তার এক ধরনের ভালোলাগা তৈরি হয়েছে।