বৈশাখীর নতুুন ধারাবাহিক ‘জমিদার বাড়ি’

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:৫৬

ফ য় জু ল  আ ল  আ মী ন

 

বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক ‘জমিদার বাড়ি’। এতে অভিনয় করেছেন মনোজ সেনগুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, শহিদ আলমগীর, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, মিলন ভট্ট, সিফাত, ইমতু, রাশেদ মামুন অপু প্রমুখ। টিপু আলম মিলনের গল্পে ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল। নাটকের কাহিনি বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক  টিপু আলম মিলন বলেন, নাটকের মূল উপজীব্য ভগ্নপ্রায় মির্জা জমিদারের বাড়ি। এলাকার মানুষের কাছে এ বাড়িটি এখনো অনেক বিস্ময়। প্রচুর ধন সম্পদ আর প্রাচুর্যের কারণে এলাকার মানুষের কাছে তাদের অনেক সম্মান। উপর থেকে এই জমিদার বাড়ির যতই চাকচিক্য থাক না কেন ভিতরে ফাটল ধরে গেছে। জমিদার রমজান মির্জা মারা যাওয়ার সময় সমস্ত সম্পত্তি স্ত্রী রাবেয়ার নামে লিখে দিয়ে যান। রাবেয়ার তিন ছেলে—বাদশা, নবাব ও সম্রাট। গ্রামের মানুষ এটাও জানে যে, রাবেয়া মির্জা জমিদারের একক স্ত্রী নন; তিনি এক বাঈজীকে বিয়ে করেছেন—তার ঘরেও সন্তান আছে। এটা জানার পর ক্ষুব্ধ রাবেয়া মির্জা বিশ্বস্ত লোক দিয়ে জমিদার রমজান মির্জাকে পানিতে ডুবিয়ে হত্যা করান। হত্যার আগে সব সম্পত্তি জোর করে নিজের নামে লিখিয়ে নেয়। জমিদারের মৃত্যুরহস্য আজও অজানা। কাহিনি যত এগিয়ে যাবে ততই উন্মোচিত হবে একের পর এক নাটকীয়তা। আমার লেখা অন্যান্য নাটকগুলোর মতো ‘জমিদার বাড়ি’ নাটকটিও দর্শকপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।’ এই ধারাবাহিকটি সপ্তাহে তিনদিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয়।