সুন্দর আগামীর প্রত্যাশায়

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:৫৭

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিতে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে ফাতিমা সানা শেখের সঙ্গে অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফের মতো ডাকসাইটে জনপ্রিয় তারকা শিল্পীরা ছিলেন। অন্যতম প্রধান একটি নারী চরিত্রে অভিনয় করলেও তারকাবহুল ছবিটির শোচনীয় ব্যর্থতা তাকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল। বলতে গেলে অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন ২৮ বছর বয়সী সুন্দরী এই তন্বী অভিনেত্রী। যদিও এর আগে বায়োপিক ‘দঙ্গল’-এ নারী কুস্তিগীর চ্যাম্পিয়ন গীতা ফোগাতের চরিত্রে তাকে দুর্দান্ত অভিনয় করতে দেখেছে দর্শক। ‘দঙ্গল’ ছবিতে আমির খানের কন্যার ভূমিকায় দেখা গেলেও পরের ছবি ‘থাগস অব হিন্দুস্থান’-এ তার বিপরীতে নায়িকা হয়েছেন ফাতিমা সানা শেখ। বিষয়টি নিয়ে বলিউডে মজাদার আলোচনা হলেও এই তন্বী অভিনেত্রী কিছুই গায়ে মাখেননি। তার কাছে অভিনীত চরিত্রে যথাযথ অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দর্শক সেই ফাতিমাকে প্রায় ভুলতে বসেছিল। ‘দঙ্গল’-এর বিরাট সাফল্যের পর ফাতিমার প্রত্যাশা ছিল ভালো ভালো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাবেন, যেখানে চ্যালিঞ্জিং অভিনয়ের সুযোগ রয়েছে। বাস্তবে তেমনটি ঘটেনি। এই কারণে অনেকটা হতাশ ছিলেন হায়দরাবাদের মেয়েটি। তবে একেবারে হাল ছেড়ে দেননি এই তরুণী। ফাতিমার মনে দৃঢ় আস্থা ছিল, আপন যোগ্যতায় একসময়ে আবার ভালো কাজের সুযোগ পেয়ে যাবেন। শেষ পর্যন্ত ঘটেছেও তা। এ সপ্তাহে একদিনের ব্যবধানে তার অভিনীত দুটি সিনেমা পর পর মুক্তি পাচ্ছে। এর মধ্যে অনুরাগ বসু পরিচালিত ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের সিনেমা ‘লুডো’ নেটফ্লিক্সে মুক্তির পরদিনই সিনেমা হলে মুক্তি পাবে ফাতিমা অভিনীত ছবি ‘সুরুজ পে মঙ্গল ভারি’। দুই ছবিতেই প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘লুডো’ ছবিতে অভিষেক বচ্চন, রাজকুমার রাও, পঙ্গজ ত্রিপাঠি, সানিয়া মালহোত্রা প্রমুখ রয়েছেন ফাতিমার সঙ্গে। ‘সুরজ পে মঙ্গল ভারি’ ছবিটির গল্পটিও বাস্তব জীবন থেকে নেওয়া। এই ছবিতে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটি মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এখানে তার সঙ্গে আছেন মনোজ বাজপেয়ী, দিলজিত দোসাঞ্জের মতো অভিনেতারা। ‘বলিউডে অভিনয়ে বড় ধরনের সুযোগ পেতে নতুন উঠতি অভিনেত্রীদের নানা ধরনের ত্যাগ স্বীকার করতে হয়। বিশেষ করে কাস্টিং কাউচের বিড়ম্বনা পোহাতে হয়, আমাকেও এ ধরনের বেশ কিছু অশালীন প্রস্তাব শোনার অভিজজ্ঞতা অর্জন করতে হয়েছে। অনেকের মন জুগিয়ে কাজ পাওয়ার প্রয়োজনবোধ করিনি, নিজের যোগ্যতার ওপর ভরসা করে অপেক্ষা করেছি শুধু। শেষ পর্যন্ত আমার অপেক্ষা কাজে দিয়েছে। পরপর দুটি নতুন সিনেমা মুক্তি পাচ্ছে আমার। ছবিগুলোতে আমাকে দেখে দর্শক সমালোচক খুশিই হবেন আশা করছি।’— বলিউডে নিজের অভিজ্ঞতা এবং ক্যারিয়ারের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে ফাতিমা সানা শেখ কথাগুলো বলেন। শিশুশিল্পী হিসেবে একসময়ে বলিউডে তার পথচলা শুরু হয়েছিল। বেশ কিছু সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করার পর কয়েকটি সিনেমায় আবার ছোটখাটো চরিত্রেও দেখা গেছে তাকে। তবে দঙ্গলে অভিনয়ের সুবাদে দারুণ খ্যাতি ও ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। নতুন দুই ছবিতে ফাতিমার অভিনয়ে ভিন্নতা ও নতুনত্বের চমক থাকছে। এরপর তার কাজের ব্যস্ততা আরও বাড়বে আশা করা যায়।