করোনায় ইউরোপে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২০:১৪

 রয়টার্স

শীতের শুরুতেই কোভিড-১৯ মহামারিতে ইউরোপ জুড়ে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার মহাদেশটিতে মৃত্যুর সংখ্যা এই মাইলফলক পার হয়। অঞ্চলটি জুড়ে শীত নেমে আসতে থাকায় করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সামনে আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারিতে বিশ্ব জুড়ে ১২ লাখ লোকের মৃত্যু হয়েছে, এর মধ্যে এক-চতুর্থাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপে। যদিও বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশের বাস এ মহাদেশটিতে। ইউরোপের উন্নত হাসপাতালগুলোও মৃত্যুর এ মিছিল ঠেকাতে পারছে না। বছরের প্রথম দিকে কঠোর লকডাউন জারি করে মহামারির ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইউরোপের দেশগুলো। কিন্তু গ্রীষ্মের পর লকডাউন শিথিল করার কিছুদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করে। সংক্রমণের এ দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারগুলো ফের বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

সব মিলিয়ে ইউরোপে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২৮ লাখ দাঁড়িয়েছে আর মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ১১৪ জনের। গত সপ্তাহ জুড়ে এর আগের সপ্তাহ থেকে ১০ শতাংশ বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে এক দিনে ২ লাখ ৮০ হাজার রোগী শনাক্তের ঘটনাও ঘটেছে। এ সময় বিশ্ব জুড়ে যত রোগী শনাক্ত হয়েছে তার অর্ধেকেরও বেশি ধরা পড়েছে ইউরোপে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ৪৯ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রিটেনে। বর্তমানে গড়ে দেশটিতে প্রতিদিন ২০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইংল্যান্ডে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। আক্রান্তের বর্তমান হার অব্যাহত থাকলে আসছে শীতে এখানে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফ্রান্স, স্পেন, ইতালি ও রাশিয়া এক দিনে কয়েক শ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। মহাদেশে মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ এ পাঁচটি দেশে ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব দেশের সরকারগুলো স্থানীয়ভাবে কারফিউ, প্রয়োজনীয় নয় এমন দোকানপাট বন্ধ ও চলাফেরায় বিধিনিষেধ আরোপ করেছে।