রয়টার্স
চলতি সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত বিরোধী দল। দলটির পক্ষ থেকে আরেকটি ভোটের আয়োজন করার জন্য নির্বাচন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৪০ এবং উচ্চ কক্ষ জাতীয় পরিষদের ২২৪ আসনের মধ্যে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। বাকি আসনগুলোতে রবিবার ভোট অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) জানিয়েছে, ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। তাই তারা নির্বাচন কমিশনকে আবার ভোট গ্রহণের আহ্বান জানিয়েছে। মিয়ানমারে রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) এগিয়ে রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। প্রাথমিক ফলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকার খবরের পর সোমবার অং সান সু চির নেতৃত্বাধীন দলটি জয় দাবি করে। এ নির্বাচনকে অং সান সু চির এনএলডির নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক সরকারের প্রশ্নে গণভোট হিসেবেই দেখা হচ্ছিল।
মিয়ানমারে সু চির দল ব্যাপক জনপ্রিয় হলেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালের নির্বাচনে বিপুল জয় পাওয়া সু চির ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই ধসে গেছে রোহিঙ্গা ‘গণহত্যার’ ঘটনাপ্রবাহে তার ‘নীরব সমর্থনের’ কারণে।
