সৌদিতে বোমা হামলায় আহত ৪

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:০৩

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায়  প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন। জেদ্দা নগরীর এ অনুষ্ঠানে ইউরোপের বহু কূটনীতিক উপস্থিত ছিলেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বিবিসি এক রিপোর্টে বলে, দেশটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ওই হামলার ঘটনা ঘটে। সেখানে একাধিক দেশের কনস্যুলেট উপস্থিত ছিলেন।

ফ্রান্স-২৪ চ্যানেল জানিয়েছে, অমুসলিমদের একটি কবরস্থানে বোমার বিস্ফোরণ ঘটে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেদ্দা নগরীতে অবস্থিত তাদের  কনস্যুলেটসহ কয়েকটি ইউরোপীয় কনস্যুলেট এই অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রণালয় জানিয়েছে, ঘরে তৈরি বোমার সাহায্যে আজ সকালে এ হামলা চালানো হয়।  

এদিকে ফ্রান্স এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দেশটিতে অবস্থানরত তার নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। 

তবে হামলা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ বা তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ইত্তেফাক/এএইচপি