মাত্র ২ মিটারের ‘খুদে চাঁদ’ ঘুরছে পৃথিবীর চারপাশে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৭:০৬

পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরছে প্রায় ২ মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু। বিজ্ঞানীরা একে বলছেন ‘মিনি-মুন’ বা খুদে চাঁদ। গত এপ্রিলে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়া বস্তুটি আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত আমাদের গ্রহের চারপাশে অবস্থান করবে। এরপর পৃথিবীর আকর্ষণ ছেড়ে আবার সূর্যকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে চলতে শুরু করবে।

নতুন এই মহাজাগতিক বস্তুটির নাম দেওয়া হয়েছে ‘২০২৬ কিউকিউ৮’। গ্রহাণুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে, প্রথম দিকে বিজ্ঞানীরা এটিকে প্রাকৃতিক কোনো বস্তু নাকি মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ, তা নিয়ে নিশ্চিত হতে পারেননি। কয়েক সপ্তাহ পর্যবেক্ষণের পর এর প্রকৃত পরিচয় নিশ্চিত করেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সৌরজগতের ক্ষুদ্র মহাজাগতিক বস্তুগুলোর নামকরণ ও তালিকা সংরক্ষণের দায়িত্বে থাকা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার অক্টোবরের শেষ দিকে গ্রহাণুটির নাম প্রকাশ করে।

‘মিনি-মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়। পৃথিবীর মহাকর্ষের টানে অল্প সময়ের জন্য কক্ষপথে আটকে পড়া প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকে সাধারণত এই নামে ডাকা হয়। এর আগে ২০০৬ আরএইচ১২০ এবং ২০২০ সিডি৩ নামের দুটি গ্রহাণুও সাময়িকভাবে পৃথিবীর সঙ্গী হয়েছিল। প্রথমটি প্রায় এক বছর এবং দ্বিতীয়টি প্রায় তিন বছর পৃথিবীকে প্রদক্ষিণ করে।

পৃথিবীর আশপাশে এ ধরনের ছোট গ্রহাণুর উপস্থিতি খুব একটা বিরল নয়। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইনের মতে, গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছাকাছি অন্তত একটি এমন বস্তু থাকতে পারে। এগুলো কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের মধ্যে অবস্থান করে।

তবে আকারে ছোট হওয়া এবং দ্রুত চলাচলের কারণে এসব গ্রহাণু শনাক্ত করা বেশ কঠিন। অনেক সময় পৃথিবী থেকে দূরে অবস্থান করায় প্রচলিত পর্যবেক্ষণ যন্ত্রেও এগুলো সহজে ধরা পড়ে না।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘২০২৬ কিউকিউ৮’ পৃথিবীর জন্য কোনো বিপদের কারণ নয়। এমনকি এটি কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এটি পুড়ে ভেঙে যাবে। সে ক্ষেত্রে আকাশে উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে।

যেভাবে শনাক্ত হলো খুদে চাঁদ

হাঙ্গেরির কনকলি মানমন্দিরের গবেষণা সমন্বয়ক জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেজকি গত আগস্টে প্রথম গ্রহাণুটির সন্ধান পান। প্রাথমিকভাবে তিনি এর নাম দিয়েছিলেন ‘সার২৯০১’।

সারনেজকি জানান, ২০২০ সাল থেকে আবহাওয়া অনুকূলে থাকলে নিয়মিত পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু পর্যবেক্ষণ করেন তিনি। প্রথমবার বস্তুটি শনাক্ত করার সময় অন্য সাধারণ গ্রহাণুর মতোই মনে হয়েছিল। তবে এর কক্ষপথ নিয়ে বিস্তারিত হিসাব করার পর বিষয়টি তার নজরে আসে।

গ্রহাণুটির গতিপথ বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা প্রথমে নিশ্চিত হতে পারছিলেন না এটি প্রাকৃতিক কোনো পাথুরে বস্তু, নাকি মহাকাশে থাকা মানুষের তৈরি কোনো যন্ত্রাংশ। কয়েক সপ্তাহ ধরে সূর্যের আলো ও বিকিরণের প্রভাবে এর গতিপথে কী ধরনের পরিবর্তন হচ্ছে, তা পর্যবেক্ষণ করা হয়।

পরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়া মানমন্দিরের শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে নিশ্চিত হওয়া যায়, এটি একটি প্রাকৃতিক গ্রহাণু।

তবে গ্রহাণুটির উৎপত্তি কোথায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর কাছাকাছি আসা অধিকাংশ গ্রহাণুর উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে। সেখানে বিভিন্ন আকারের অসংখ্য পাথুরে বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।

দীর্ঘ সময় ধরে মহাকর্ষীয় প্রভাবের কারণে এসব গ্রহাণুর কিছু অংশের কক্ষপথ পরিবর্তিত হয়ে সৌরজগতের ভেতরের দিকে চলে আসে। এর মধ্যে কোনো কোনো বস্তু পৃথিবীর কাছাকাছি এসে তুলনামূলক ধীরগতিতে চললে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকে যেতে পারে।

ম্যাথিউ পেইন জানান, পৃথিবী ও চাঁদের সম্মিলিত মহাকর্ষীয় প্রভাব এসব বস্তুর গতিপথে পরিবর্তন আনতে পারে। ফলে কোনো কোনো গ্রহাণু কিছু সময়ের জন্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পৃথিবীর কাছাকাছি প্রায় ৪০ হাজার গ্রহাণু বা নিয়ার-আর্থ অবজেক্ট (এনইও) শনাক্ত করা হয়েছে। আর সৌরজগতের বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ। নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি চালু হওয়ায় ভবিষ্যতে এসব বস্তুর সন্ধান আরও বেশি পাওয়া যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

সূত্র: সিএনএন

ইত্তেফাক/এবিএস