বেহাল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২০:৫৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সংস্কারের অভাবে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক খানাখন্দে ভরে যাওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং ইট উঠে বেশ কয়েকটি স্থানে বিশালাকার গর্ত তৈরি হয়েছে। এতে এসব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে, ভোগান্তি কমাতে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চেয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি সড়ক ও জনপথের (সওজ) আওতাধীন। প্রতিদিন এ সড়কে ঝুঁকি নিয়ে শত শত বিভিন্ন ধরনের যান চলাচল করে। বিশেষ করে চাষাঢ়া থেকে পঞ্চবটি মোড় পর্যন্ত ১ কিলোমিটার সড়ক রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের এ অংশে অন্তত ৩০-৪০টি গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সামনে বিটুমিন ও ইট উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং ও ইট উঠে বিশাল গর্ত হয়েছে। এ সড়কে যান চলাচলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন এ সড়কে সংস্কার কাজ হয়নি। দিন দিন এটি যান চলাচলে ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এটি সড়ক ও জনপথের আওতাধীন। তার পরও সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। জেলা সড়ক ও জনপথের সহকারী প্রকৌশলী মু. তারিক হোসেন বলেন, এ সড়কটি তাদের আওতায় পড়ে না। এটি ঢাকা ডিভিশনের আওতাধীন। ঢাকা সড়ক ও জনপথের সহকারী প্রকৌশলী আলমগীর রেজাউল করিম বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।